প্রকাশিত: Wed, Feb 14, 2024 6:18 AM
আপডেট: Fri, Sep 11, 2026 5:48 AM

[১]সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ [২]অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি-কোস্টগার্ড

জিয়াবুল হক, বাবুল খান : [৩] মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ পান সীমান্তের বসবাসরত লোকজন। তবে সীমান্ত দিয়ে যাতে নতুন করে অনুপ্রবেশ ঘটতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড  তৎপর রয়েছে।

[৪] টেকনাফের হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা মমতাজ সওদাগর জানান, নাফনদীর সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণ হচ্ছে। এখানকার লোকজন খুব ভয়ভীতির মধ্য রয়েছে।

[৫] হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, হোয়াইক্যং ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় নাফনদীর ওপারে গুলির শব্দ শোনা যাচ্ছে। লোকজনকে সর্তক থাকতে বলা হয়েছে। সীমান্ত দিয়ে কোনও লোকজন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমরাও সর্তক অবস্থানে আছি।

[৬] টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, নাফনদীর সীমান্তে কিছু জায়গায় গুলিবর্ষণের খবর পেয়েছি। তবে অন্যদিনের তুলনায় সীমান্তে গোলাগুলি কমেছে। লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্তক অবস্থানে রয়েছি। এখন পর্যন্ত ১৩৭ রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে।

[৭] এদিকে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার সদস্য ছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া বাকি ৩২৬ সদস্যেকে মিয়ানমারের ফেরত পাঠানোর অংশ হিসেবে  বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তালিকা তৈরি করেছে প্রশাসন। সম্পাদনা : মুরাদ হাসান